4th November, 2025

হল্টার মনিটরিং - হৃদপিণ্ডের ক্ষুদ্র স্পন্দনের গোপন ডায়েরি

images/holter.jpeg

ভাবুন তো, প্রতিদিনের প্রতিটি মুহূর্তে আপনার হৃদপিণ্ড নীরবে স্পন্দিত হচ্ছে—কখনও শান্ত, কখনও উত্তেজিত, আবার কখনও অস্থির। কিন্তু আমরা কি জানি, সেই ছন্দের ভেতরে লুকিয়ে আছে কি কোনো গোপন বিপদ? হঠাৎ বুক ধড়ফড় করা, মাথা ঘোরা বা শ্বাসকষ্ট—এসব ইঙ্গিত হয়তো আপনার হৃদয়ের অজানা কথাই বলছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এসেছে এমন এক প্রযুক্তি, যা আপনার হৃদপিণ্ডের প্রতিটি স্পন্দন গোপনে লিখে রাখে—যেন একটি ব্যক্তিগত ডায়েরি। এর নাম হল্টার মনিটরিং (Holter Monitoring)।

কী এই হল্টার মনিটরিং?

হল্টার মনিটরিং হলো এক ধরনের পোর্টেবল ইসিজি রেকর্ডার, যা রোগীর শরীরে ২৪ থেকে ৪৮ ঘণ্টা, কখনও আবার কয়েকদিন পর্যন্ত লাগিয়ে রাখা হয়। বুকের ওপর ছোট সেন্সর মেশিন বসানো হয়, যা প্রতিটি হৃদস্পন্দনের বৈদ্যুতিক সংকেত রেকর্ড করে। যেন আপনার হৃদয়ের প্রতিটি মুহূর্তের গল্প একটি ডায়েরিতে লিখে রাখা হচ্ছে।

কেন প্রয়োজন?

হঠাৎ বুক ধড়ফড়, অজ্ঞান হয়ে যাওয়া বা মাথা ঘোরার কারণ খুঁজতে, অনিয়মিত হৃদস্পন্দন ধরতে, পেসমেকার বা ওষুধ কতটা কার্যকর হচ্ছে তা বুঝতে, সাধারণ ইসিজিতে ধরা না পড়া সমস্যা খুঁজে বের করতে... এক কথায়, যখন হৃদয়ের “অদৃশ্য সমস্যা” চোখে ধরা দিতে চায় না, তখনই ভরসা হল্টার মনিটরিং।

কীভাবে কাজ করে?

হল্টার ডিভাইসটি এতটাই ছোট যে জামার নিচে সহজে বহন করা যায়। রোগী তার স্বাভাবিক কাজ—অফিস, বাড়ির কাজ, বাজার, হাঁটা—সবই করতে পারেন। শুধু স্নানের সময় যাতে ডিভাইস ভিজে না যায়, সেদিকে নজর রাখতে হয়। পরীক্ষার সময় রোগীকে একটি নোটবুক দেওয়া হয়। যখনই বুক ধড়ফড়, ব্যথা বা মাথা ঘোরা অনুভব হবে, তখন সেই সময় ও উপসর্গ লিখে রাখতে হয়।পরীক্ষার শেষে ডাক্তার রেকর্ড ও নোটবুক মিলিয়ে দেখেন, ঠিক কোন মুহূর্তে সমস্যা হয়েছে এবং সেই সময় হৃদস্পন্দনের কী অবস্থা ছিল।

সুবিধা কী কী?

১) ব্যথাহীন ও ঝুঁকিমুক্ত রোগনির্ণয় ২) দীর্ঘ সময়ের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় ৩) হাসপাতালে ভর্তি হতে হয় না ৪) রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা আরও নির্ভুল হয় যন্ত্রটি সাধারণত ২৪–৭২ ঘণ্টা কিংবা তার বেশি সময় তথ্য ধরে রাখে। যদি সমস্যা খুবই অল্প সময়ে, অনিয়মিতভাবে ঘটে, তবে কখনও কখনও এই সময়ের মধ্যেও ধরা নাও পড়তে পারে। হল্টার মনিটরিং হলো আপনার হৃদপিণ্ডের প্রতিটি ক্ষুদ্র স্পন্দনের গোপন ডায়েরি। এটি চিকিৎসকের কাছে হৃদরোগ নির্ণয়ের অমূল্য হাতিয়ার।

Share this:

Comments

Leave a Reply

Featured Video

Weather Forecast

Calendar