হার্ট সার্জারির আগে রোগীরা যে ৫টি ভুল করেন

হার্ট সার্জারি—শব্দটা শুনলেই অনেকের মনে ভয়, দুশ্চিন্তা আর নানা প্রশ্ন তৈরি হয়। অপারেশনের আগে রোগী ও পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন থাকেন। কিন্তু এই সময় কিছু ভুল সিদ্ধান্ত বা অসতর্কতা চিকিৎসার পথে সমস্যা তৈরি করতে পারে। অনেক ক্ষেত্রেই রোগীরা ভয়, ভুল তথ্য বা অন্যের অভিজ্ঞতার উপর নির্ভর করে এমন কিছু সিদ্ধান্ত নেন, যা এড়ানো উচিত।
জেনে নিন হার্ট সার্জারির আগে রোগীদের করা ৫টি সাধারণ ভুল, যাতে গুরুত্বপূর্ণ সময়ে সচেতন থাকা যায়।
ভুল ১:
অপারেশনের সিদ্ধান্ত নিয়ে অযথা দেরি করা “আর একটু দেখি”, “ওষুধ খেয়ে ভালো হয়ে যাব”, “এখন তো তেমন ব্যথা নেই”—এই ধরনের ভাবনা ভেবে সার্জারি পিছিয়ে দেওয়াই হতে পারে বড় ভুল। সব রোগীর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে অপারেশন প্রয়োজন হয় না, কিন্তু চিকিৎসক যদি নির্দিষ্ট কারণে সার্জারির পরামর্শ দেন, তাহলে দেরি না করে হার্টের অবস্থা ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। ভয় থেকে সিদ্ধান্ত পিছিয়ে না দিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন।
ভুল ২:
পরিচিত একজনের বাইপাস হয়েছে, তাই আপনারও একই চিকিৎসা হবে—এমনটা ধরে নেওয়া ঠিক নয়। আবার কারও সেন্ট হয়েছে বলে আপনারও সার্জারির প্রয়োজন নেই—এমন সিদ্ধান্তও বিপজ্জনক হতে পারে। প্রতিটি রোগীর ব্লকের অবস্থান, সংখ্যা, হার্টের কার্যক্ষমতা, বয়স এবং অন্যান্য শারীরিক সমস্যা আলাদা। তাই অন্যের চিকিৎসা নয়, নিজের রিপোর্ট ও শারীরিক অবস্থার ভিত্তিতেই চিকিৎসার সিদ্ধান্ত হওয়া উচিত।
ভুল ৩:
নিজের মতো করে ওষুধ বন্ধ বা পরিবর্তন করা অপারেশনের আগে অনেক রোগী নিয়মিত ওষুধ নিজের সিদ্ধান্তে বন্ধ করে দেন। আবার কেউ কেউ পরিচিত ব্যক্তির পরামর্শে নতুন ওষুধ শুরু করেন। দুটোই ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে রক্ত পাতলা করার ওষুধ বা অন্যান্য গুরুত্বপূর্ণ ওষুধ কখন বন্ধ করতে হবে, কখন চালিয়ে যেতে হবে—তা সার্জারি ও রোগীর অবস্থার উপর নির্ভর করে। কোনও ওষুধ বন্ধ বা পরিবর্তন করার আগে অবশ্যই চিকিৎসকের নির্দেশ নিন।
ভুল ৪:
সার্জনের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা আগের কোনও অপারেশন, অ্যালার্জি, নিয়মিত ওষুধ, ডায়াবেটিস, কিডনি বা ফুসফুসের সমস্যা, ধূমপানের অভ্যাস—এসব তথ্য চিকিৎসককে না জানানো উচিত নয়। “এটা তো ছোট ব্যাপার”—ভেবে কোনও তথ্য বাদ দেবেন না। অপারেশনের আগে আপনার সম্পূর্ণ মেডিক্যাল হিস্ট্রি জানা চিকিৎসকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভুল ৫:
অপারেশনের পরের Recovery Plan না জানা অনেকেই শুধু অপারেশন নিয়েই চিন্তা করেন, কিন্তু অপারেশনের পর কীভাবে যত্ন নিতে হবে, তা আগে থেকে জানেন না। কতদিন হাসপাতালে থাকতে হতে পারে, কখন হাঁটা শুরু করা যাবে, কী ধরনের খাবার প্রয়োজন, কখন ফলো আপ করতে হবে—এসব বিষয়ে আগে থেকেই চিকিৎসকের কাছ থেকে পরিষ্কার ধারণা নেওয়া ভালো।
হার্ট সার্জারির আগে ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু ভয় বা গুজবের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সঠিক রিপোর্ট, সঠিক তথ্য এবং চিকিৎসকের পরামর্শ—এই তিনটিই হওয়া উচিত আপনার সিদ্ধান্তের ভিত্তি। মনে রাখবেন, হার্ট সার্জারির আগে সবচেয়ে বড় প্রস্তুতি শুধু শরীরের নয়—সঠিক তথ্য জানাও। নিজের চিকিৎসা সম্পর্কে প্রশ্ন করুন, প্রয়োজনীয় তথ্য চিকিৎসককে জানান এবং কোনও ওষুধ বা চিকিৎসা নিজের সিদ্ধান্তে পরিবর্তন করবেন না। সঠিক সময়ে সঠিক প্রস্তুতি অনেকটাই সহজ করে দিতে পারে হার্ট সার্জারির পথ।










