মেয়েদের হার্ট অ্যাটাকের আগে কি কি ঘটে?

সকালে ঘুম থেকে উঠেই মিতালির শরীরটা কেমন যেন লাগছিল। অস্বাভাবিক ক্লান্তি… বুকের মধ্যে হালকা চাপ… একটু হাঁটতেই শ্বাস নিতে কষ্ট। তিনি ভাবলেন, “কাল অনেক কাজ করেছি, তাই হয়তো এত দুর্বল লাগছে।” দুপুরে আবার একটু বমি বমি ভাব হলো। সঙ্গে পিঠে ব্যথা। মিতালি আবারও ভাবলেন—“হয়তো গ্যাস হয়েছে!”
কিন্তু প্রশ্ন হলো—এটা কি সত্যিই গ্যাসের ব্যথা নাকি অন্য কোন সমস্যার লক্ষ্মণ? মাথায় রাখবেন, বেশিরভাগ মহিলার ক্ষেত্রেই হার্ট অ্যাটাকের লক্ষণ সিনেমায় দেখানো হঠাৎ বুক চেপে ধরা তীব্র ব্যথার মতো নাও হতে পারে। কখনও কখনও লক্ষণগুলো এতটাই সাধারণ মনে হয় যে সেগুলো ক্লান্তি, গ্যাস, বদহজম বা শরীর খারাপ ভেবে এড়িয়ে যাওয়া হয়। আর ঠিক এখানেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় বিপদ।
মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণ কেন অনেক সময় ধরা পড়ে না?
মহিলাদের হার্ট অ্যাটাকের আগে শরীর বিভিন্ন ধরনের সতর্কসংকেত দিতে পারে। কিন্তু সব মহিলার ক্ষেত্রে একই লক্ষণ দেখা যাবে—এমন নয়। তাই নিজের শরীরের সামান্য পরিবর্তনকেও গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি।
১. অস্বাভাবিক ক্লান্তি—যখন বিশ্রামেও শরীর ঠিক হয় না
ভাবুন তো, সারাদিন তেমন কোনও কাজ করেননি। তবুও মনে হচ্ছে শরীরে একটুও শক্তি নেই। সামান্য কাজ করতেই হাঁপিয়ে যাচ্ছেন। সিঁড়ি উঠতে কষ্ট হচ্ছে। অথবা ঘুম থেকে ওঠার পরেও মনে হচ্ছে একটা ক্লান্তি থেকেই যাচ্ছে। এই ধরনের অস্বাভাবিক ও হঠাৎ ক্লান্তি কখনও কখনও হার্টের সমস্যার একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত হতে পারে।
২. বুকের ব্যথা নয়, হতে পারে বুকের “অস্বস্তি”
মহিলাদের ক্ষেত্রে সবসময় তীব্র বুকব্যথা নাও হতে পারে। বুক ভারী লাগা, চাপ চাপ অনুভূতি, জ্বালাপোড়া, অস্বস্তি, বুকের মধ্যে অদ্ভুত টান, অনেকে এটিকে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা বলে ভুল করেন। কিন্তু যদি এই অস্বস্তি বারবার হয় বা অন্য উপসর্গের সঙ্গে দেখা যায়, তাহলে অবহেলা করা উচিত নয়।
৩. হঠাৎ শ্বাসকষ্ট—কোনও কারণ ছাড়াই দম ফুরিয়ে যাওয়া
আগে যে কাজ অনায়াসে করতে পারতেন, এখন সেই কাজ করতেই যদি দম বন্ধ হয়ে আসে, অল্প হাঁটলেই শ্বাসকষ্ট হয়, কখনও কখনও শ্বাস নিতে অসুবিধা হয়, তাহলে মাথায় রাখবেন হার্টের সমস্যার একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে, বিশেষ করে যদি তার সঙ্গে বুকের অস্বস্তি, ঘাম বা দুর্বলতা থাকে।
৪. পিঠ, ঘাড় বা চোয়ালের ব্যথা—যেটা হয়তো হার্টের সঙ্গে সম্পর্কিত
“বুকে ব্যথা নেই, তাই হার্টের সমস্যা নয়”—এই ধারণা সবসময় সঠিক নয়। কিছু মহিলার ক্ষেত্রে অস্বস্তি বা ব্যথা ছড়িয়ে যেতে পারে—ঘাড়, চোয়াল, কাঁধ, হাত বা পিঠে। অনেকেই এটিকে সার্ভাইক্যাল সমস্যা বা সাধারণ মাংসপেশির ব্যথা ভেবে এড়িয়ে যান।
৫. বমি বমি ভাব, বদহজম বা পেটের অস্বস্তি
হঠাৎ পেটে অস্বস্তি হচ্ছে, বমি বমি লাগছে অথবা মনে হচ্ছে খাবার ঠিকমতো হজম হচ্ছে না?সবসময় যে এটি হার্টের সমস্যা হবে তা নয়। কিন্তু অন্যান্য সতর্কসংকেতের সঙ্গে এমন উপসর্গ দেখা দিলে বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
৬. ঠান্ডা ঘাম, মাথা ঘোরা ও অস্বাভাবিক দুর্বলতা
হঠাৎ শরীর ঘেমে যাচ্ছে। মাথা ঘুরছে। মনে হচ্ছে শরীরের শক্তি যেন এক মুহূর্তে শেষ হয়ে গেছে।এই ধরনের উপসর্গ বিশেষ করে বুকের অস্বস্তি বা শ্বাসকষ্টের সঙ্গে থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
“মেয়েদের হার্ট অ্যাটাকের লক্ষণ”—সবসময় একই রকম নয় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ধূমপান, স্থূলতা, পারিবারিক ইতিহাস এবং অস্বাস্থ্যকর জীবনযাপন হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— নিজের শরীরের নতুন, অস্বাভাবিক বা হঠাৎ পরিবর্তনকে কখনও ছোট করে দেখবেন না।সচেতন থাকুন। লক্ষণ চিনুন। সময়মতো সাহায্য নিন। কারণ হার্টের সমস্যার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা।
2 Comments
- Samir Karmakar4 September 2026
Sir , Good advice ,
- Aparna Roy Paul2 September 2026
ক্লান্তি লাগে খুবই।ঘুম ঘুম ভাব আমি clopitab cv 10/75 খাই last 8 yrs মত










